কক্সবাজারে দু’পক্ষের বিরোধে গুলিবিদ্ধ রোহিঙ্গার মৃত্যু
মঙ্গলবার সকালে সেলিম গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
কক্সবাজারের ‘উখিয়া উপজেলা’য় রোহিঙ্গা দুটি পক্ষের মধ্যে বিরোধের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন।
খবর পেয়ে মঙ্গলবার সকালে কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ সেলিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সালাম।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “মঙ্গলবার সকালে রোহিঙ্গা নাগরিক নবী হোসেন এবং মুন্নার সমর্থকদের বিরোধের জেরে সেলিম গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
“অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে আসে। পরে তারা পালিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তার মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।“
তবে কখন, কোথায়, কীভাবে মোহাম্মদ সেলিম গুলিবিদ্ধ হয়েছেন তা জানতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য সেলিমের মরদেহ কক্সবাজারের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, সেলিম টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তবে গোলাগুলির ঘটনা ঘটেছে উখিয়ায়। এই ব্যাপারে তদন্ত করছে পুলিশ।
