২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘এক কেজি সোনাসহ কারবারী’ আটক

জব্দ সোনার দাম ৮১ লক্ষাধিক টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গায় ‘এক কেজি সোনাসহ কারবারী’ আটক

বিজিবির হাতে আটক সুলতান আহমেদ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 06:10 PM

Updated : 12 Apr 2023, 06:10 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাবে চোরাকারবারী বলছে বিজিবি।

বুধবার সকাল ৭টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেইটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে মহেশপুর ৫৮বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

আটক সুলতান আহমেদ (৪৪) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ব্যক্তি দর্শনা রেল স্টেশন এলাকা থেকে ভ্যানে করে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার খবর নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে পায় বিজিবি।  

বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি টহলদল কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়।

সকাল ৭টার দিকে ভ্যানে এক ব্যক্তিকে কেরুর গেইট পার হয়ে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহলদল তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় সুলতান আহমেদের পায়ের তালুর সঙ্গে স্কচটেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের আটটি সোনার ফ্ল্যাট বার পেয়ে জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক সুলতান আহমেদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।