২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে দুজনের মৃত্যু হল।

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 04:01 PM

Updated : 18 Jul 2023, 04:01 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, সোমবার রাতে ওই নারীর মৃত্যু হয়।

জোসনা বেগম (৩৫) নামের ওই নারী বরিশাল সদরের চানপুরা এলাকার আবুল বাশারের স্ত্রী।

স্বজনরা জানান, জ্বর নিয়ে দুদিন আগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হল।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৪৩ জন।

এই সময়ে বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২৩ জন, পটুয়াখালী জেলায় ৩১ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ২০ জন, বরগুনায় ২৩ জন ও ঝালকাঠিতে তিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৪২৬ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের প্রথম দিন থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২ হাজার ৮২ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৬৫৪ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।