২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছে বলে দাবি বিএনপির।

নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 08:53 PM

Updated : 23 Oct 2023, 08:53 PM

নারায়ণগঞ্জে বিস্ফোরক আইন ও নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিএনপির দাবি অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার চালাচ্ছে পুলিশ। অনেক নেতাকর্মী জামিনে থাকলেও তাদের অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে দেওয়া তালিকা অনুযায়ী গ্রেপ্তাররা হলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, আড়াইহাজার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ মোল্লা, সহসভাপতি সিদ্দিকুর রহমান, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক,  আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সামসুল হক, জেলা শ্রমিক দল নেতা কামাল হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য হুমায়ুন ও রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী।

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৫ দিনে অন্তত ৪০ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।

“পুলিশ বিএনপি নেতা-কর্মীর বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যাদের পাচ্ছে তাদেরই পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে। এই আতঙ্কে নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে”, বলেন এই নেতা।