২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পুকুরে ডুবে সরকারি শিশু পরিবারের ২ শিশুর মৃত্যু

গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শরীয়তপুরে পুকুরে ডুবে সরকারি শিশু পরিবারের ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরের সরকারি শিশু পরিবার।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 09:55 PM

Updated : 11 Oct 2023, 09:55 PM

শরীয়তপুর সদরে সরকারি শিশু পরিবারের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সেখানকার দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে শহরের ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ।

মারা যাওয়া দুই শিশু হলো- ডামুড্যা উপজেলার চর গঙ্গেস কাঠি এলাকার প্রয়াত আলী আহম্মদ বেপারীর ছেলে সোহেল বয়াতী (৯) এবং গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকার প্রয়াত মাহমুদুল হাসানের ছেলে সাদিকুল ইসলাম (১২)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোহেল ও সাদিকুল সরকারি শিশু পরিবারে থাকতো। বুধবার অন্য শিশুরা শ্রেণি কক্ষে চলে গেলে তারা সবার অগোচরে টিনশেড ভবনের পেছনের পুকুরে গোসলে নামে। এক পর্যায়ে তারা তলিয়ে যায়।

দীর্ঘ সময় ওই দুই শিশুকে দেখতে না পেয়ে সেখানকার তত্ত্বাবধায়ক চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরঘাটে তাদের জামাকাপড় দেখে পানি থেকে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত সাদিকুলের মামা জাহাঙ্গীর আলম বলেন, “দুলাভাই মারা যাওয়ার পর ভাগনেকে গত মাসে শিশু পরিবারে দেওয়া হয়। দুপুরে সেখান থেকে ফোন করে আমাকে হাসপাতালে যেতে বলেন। সেখানে গিয়ে জানতে পারি ভাগনেসহ আরেক শিশু পানিতে ডুবে মারা গেছে।”

সেখানকার দায়িত্বরতরা যদি শিশুদের ঠিকভাবে দেখাশোনা করতো তাহলে ভাগনে মারা যেত না বলে অভিযোগ করেন তিনি।

নিহত সোহেলের ফুপাতো বোন মাকসুদা বলেন, “সোহেলের মা-বাবা কেউ বেঁচে নেই। ওর জন্য কান্না করবে এমন লোকও নেই। কয়েক মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে ওকে সরকারি শিশু পরিবারে দেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি।”

শরীয়তপুর সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার বলেন, “ভেতরে পানির কল আছে, বাচ্চারা সেখানেই গোসল করে। সকালে অন্য শিশুরা ক্লাসে ছিল।

“আমি ওদের বারান্দায় খেলতে দেখে কাজ করতে অফিসে যাই। ফিরে এসে ওদের দেখতে না পেলে চারদিকে খোঁজখুঁজি করি। পরে পুকুর থেকে ওদের উদ্ধার করা হয়।”

হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশু মারা গেছে বলে জানিয়েছেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মানসুরা ইসলাম।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মেজবাহ উদ্দিন।