রাজবাড়ীর সড়কে ঝরল দুই প্রাণ
অজ্ঞাত এক ব্যক্তির নাম-পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান ওসি।
রাজবাড়ীর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে আলাদা সময়ে দুজন নিহত হয়েছেন।
রোববার রাতে ও সোমবার সকালে খানখানাপুর ইউনিয়নের লালের ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে বলে জানান আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত মিলন মিয়া (২৩) উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের কাদের মিয়ার ছেলে। আরেক জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তরিকুল ইসলাম বলেন, “সোমবার সকালে মিলন মিয়া মাহেন্দ্র চালিয়ে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইট ভাটার সামনে পৌঁছলে একটি কুকুর গাড়ির চাকার নিচে পড়ে। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“স্থানীয়রা গুরুতর আহত মিলনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, “অন্যদিকে রোববার রাতে একই এলাকায় কোনো এক সময় গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।”
অজ্ঞাত ওই ব্যক্তি নাম-পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
