কোরবানির হাট মাতাবে মানিকগঞ্জের রাজা বাদশাহ ও সম্রাট
সব মিলিয়ে জেলায় কোরবানির জন্য ৭২ হাজার ৯৪৬টি পশু প্রস্তুত রয়েছে বলে জানায় প্রাণিসম্পদ অধিদপ্তর ।
এবার কোরবানির হাট মাতাতে প্রস্তুত হয়েছে মানিকগঞ্জের দুই ষাঁড় রাজা বাদশা ও সম্রাট।
হরিরামপুরের রাজা বাদশার ওজন ৩৩ মণ এবং সদরের সম্রাটের ওজন ৩৮ মণ বলে এ দুই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে দুই গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে পালন করা হয়েছে।
তিনি জানান, জেলায় কোরবানির জন্য ছোট-বড় মিলে ৯ হাজার ৬৬৯টি খামারে মোট ৪৬ হাজার ৯৮টি গরু, ৩৮টি মহিষ, ২২ হাজার ছাগল, ৪ হাজার ৭২৯টি ভেড়া এবং ৮১টি অন্যান্য পশু রয়েছে।
সব মিলিয়ে জেলায় কোরবানির জন্য সর্বমোট ৭২ হাজার ৯৪৬টি পশু প্রস্তুত রয়েছে।
আর এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ৩৫ হাজার ৩৮৩টি বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা।
রাজা বাদশাহ
হরিরামপুরে কৃষক শাহজাহানের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ৩৩ মণ ওজনের রাজা বাদশাহ। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করেন শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম।
ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। আর এটি উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি এই খামাড়ির।
রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রংয়ের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সি রাজা বাদশাহ। শখের বসেই এই নাম রেখেছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম বলেন, “৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। রাজা বাদশাহর মাকে ২ লাখ টাকা দিয়ে পাঁচ বছর আগে কিনেছিলাম। ৪২ মাস আগে রাজা বাদশাহর জন্ম। এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। গত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।“
তিনি জানান, খাবার তালিকায় গমের ভুসি, কু্ড়া, ভুসি, ছোলা, পায়রা, খড়, তাজা ঘাস, ভুট্টা, মালটা ও আঙুর রয়েছে। কোনো ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
নিয়ম করে দুই বেলা রাজা বাদশাহকে করানো হয় গোসল। রাজা বাদশার মেজাজ ঠাণ্ডা রাখতে বাতাস করা হয় বড় একটি ফ্যান দিয়ে। বিদ্যুৎ গেলে বাতাস করতে হয়।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, “প্রায় সাড়ে ৮ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট ২ ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে দেখাশোনা করতে আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও পরামর্শ দেই।”
সম্রাট
৩৮ মণ ওজনের সম্রাটের দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। আর এটি হচ্ছে জেলার সবচেয়ে বড় গরু দাবি সদরের অরঙ্গবাদ গ্রামের কৃষক হামিদুল হকের। আদর করে তিন বছর বয়সি ষাঁড়টির নাম দেওয়া হয়েছে মানিকগঞ্জের সম্রাট।
খামারির ভাষ্য, ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের সম্রাটকে ঘাস, কুড়া, ভুসি খাওয়ান হামিদুল। খাবার তালিকায় নেই কোনো রাসায়নিক খাবার। নিয়ম করে তিন-চার বেলা শ্যাম্পু দিয়ে সম্রাটকে গোসল করানো হয়।
হামিদুল হকের ছেলে হাফিজ আসাদ বলেন, “সৌদি আরব থেকে দেশে আসার পর বাবার সঙ্গে সম্রাটকে লালন-পালন করতে সহায়তা করছি।”
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, “আশা করছি খামারি হামিদুল হক সঠিক দামে ষাঁড়টিকে বিক্রি করতে পারবেন।”
