কুষ্টিয়া-২: আওয়ামী লীগ নেতাকে ‘গালাগাল’, জাসদ নেতাকে শোকজ
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতিকে গালাগালের ঘটনায় জাসদ নেতার বিরুদ্ধে অনুসন্ধান কমিটিতে অভিযোগ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকার প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনি এজেন্ট জাসদ নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
সোমবার বিকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রেজওয়ানুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান।
নোটিস পাওয়া কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের বিরুদ্ধে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আক্তারুজ্জামান মিঠু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি রফিকুল আলম চুনুকে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে।
২৯ ডিসেম্বরের এ ঘটনায় রোববার জাসদ নেতার বিরুদ্ধে অনুসন্ধান কমিটিতে অভিযোগ করেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজি আক্তারুজ্জামান মিঠু।
চিঠিতে মঙ্গলবার দুপুর ১২টায় স্বপনকে তার লিখিত বক্তব্যসহ এবং অভিযোগকারীকে সমর্থনযোগ্য প্রমাণসহ অনুসন্ধান কমিটির প্রধানের কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুসন্ধান কমিটির নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনে উভয়ের উপস্থিতিতে শপথ পাঠসহ সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানান পুলিশের পরিদর্শক মনিরুল।
এ বিষয়ে মোবাইল ফোনে নৌকা প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট আব্দুল আলীম স্বপন বলেন, “আমি এখনও নোটিস পাইনি, হাতে পেলে লিখিত জবাব দেব।”
