মাদারীপুরে ‘ড্রেজার ব্যবসার দ্বন্দ্বে’ ৪ জনকে কুপিয়ে জখম, আটক-১
অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরে সদর উপজেলায় ‘ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে’ প্রতিপক্ষের দুই দফা হামলায় চার জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ও রোববার সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ।
আহতরা হলেন- জামাল হাওলাদার (৬৫), শাহীন হাওলাদার (৩৭), সোহেল হাওলাদার (৩৫), শিহাব হাওলাদার (২০)। তারা সবাই মহিষেরচর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি মনোয়ার জানান, মহিষের চর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসা করছিলেন পারভেজ খাঁ ও শাহীন হাওলাদার।
এর মধ্যে শনিবার শাহীন হাওলাদার একই জায়গায় নতুন আরেকটি ড্রেজার বসালে ক্ষিপ্ত হন পারভেজ খাঁ। শনিবার রাতে তিনি ও তার ভাই শাওন খাঁ লোকজন নিয়ে ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। এসময় বাধা দিতে গেলে শাহীন হাওলাদার ও সোহেল হাওলাদারকে কুপিয়ে জখম করেন তারা।
এরপর রোববার সকালে দ্বিতীয় দফায় শাহীনের পক্ষের জামাল হাওলাদার ও শিহাব হাওলাদারের ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করেন পারভেজ ও শাওন।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “হামলার ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ খাঁকে আটক করা হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।”
