২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নার্সের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

গৃহকর্মীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে; বর্তমানে সে হাসাপতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।

সিলেটে নার্সের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

সিলেটে গৃহকর্মীর শরীরে আঘাতের চিহ্ন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 10:52 PM

Updated : 04 Jul 2023, 11:38 PM

সিলেটে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক নার্সসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সোমবার ওই গৃহকর্মীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

তিনি বলেন, “সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহা, তার স্বামী পলাশ মিয়া ও বোন রেহেনা আক্তার রুমিকে মামলার আসামি করা হয়েছে।”

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গৃহকর্মীকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে; বর্তমানে সে হাসাপতালে চিকিৎসাধীন।”

১৩ বছর বয়সি ওই কিশোরী গৃহকর্মীর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।   

মামালার বরাত দিয়ে ওসি মোহাম্মদ আলী বলেন, ওই কিশোরীর বাড়ি ও নার্স শাহনাজ আক্তার সাবিহার বাবার বাড়ি এক এলাকায়। সেই সুবাদে মেয়েকে শাহনাজের বাসায় মাসিক ১৫শ টাকা বেতনে গত বছরের জানুয়ারি থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতে দেন।

কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। ভাত বেশি খাওয়াসহ বিভিন্ন অপবাদ-অজুহাতে তাকে শাহনাজ ও তার স্বামী এবং বোন বেধড়ক মারধর করেন। এমনকি রান্নার কাজে ব্যবহৃত স্টিলের খুন্তি আগুনে গরম করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে নির্যাতন করতেন তারা।

তিনি আরও বলেন, দেড় বছরে একবারও তাকে বাবার বাড়ি যেতে দেননি শাহনাজ। এবার ঈদুল আজহায় শাহনাজ তার বাবার বাড়ি বেড়াতে যান। তার সঙ্গে যায় এই কিশোরী গৃহকর্মীও।

“পরে সেখান থেকে ওই কিশোরী তার বাবার বাড়ি গেলে তার শরীরে আঘাতের চিহ্ন পরিবারের লোকজনের চোখে পড়ে। এ সময় তারা জিজ্ঞাসাবাদ করলে সে নির্যাতনের কথা খুলে বলে।”

মামলায় আরও উল্লেখ করা হয়, ওই কিশোরী যদি তার বাবাকে নির্যাতনের বিষয়ে কিছু বলে দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন শাহনাজ।

মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।