ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় হামলা, ছুরিকাঘাতে আহত ৪ তরুণ
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে ব্যাডমিন্টন খেলার সময় একদল যুবকের অতর্কিত ছুরিকাঘাতে চার তরুণ আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন জিয়া (১৯), শাকিব (১৯), রাহাত (২০) ও সোহান (১৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জিয়া স্থানীয় একটি পোশাকের দোকানের কর্মচারী। তার বাবার নাম খোকন মিয়া। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের পাশে থাকেন।
শাকিব একটি সুতার দোকানে কাজ করেন। তার বাবার নাম ফারুক হোসেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাওতালা গ্রামে।
রাহাত বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করেন। তার বাবার নাম মুক্তার আলী। তিনিও ডেমরা স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের পাশে থাকেন।
অন্যদিকে, সোহানের বাবার নাম সাগর। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কমলাকান্দা গ্রামে।
আহতদের মধ্যে সোহানের মাথা ও হাতে, শাকিবের বগলের নিচে এবং জিয়ার পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। রাহাতের মুখেও আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সোহানের বাবা মো. সাগর জানান, রাত সাড়ে ১০টার দিকে তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলা চলার সময় স্থানীয় পান্নু নামের এক যুবকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে হামলা চালায়।
“পূর্বশত্রুতার জের ধরে হামলাকারীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করি। পরে রাত ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।”
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ডেমরায় আহত চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
