২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেলাপোকার ওষুধে’ প্রাণ গেল শিশুর, ভাই হাসপাতালে

তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে জিজ্ঞাসা করলে তারা বাবাকে বলে – আমরা চিনি খেয়েছি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 12:58 AM

Updated : 01 Mar 2023, 12:58 AM

গাজীপুরে তেলাপোকা মারার ওষুধ খেয়ে এক শিশু মারা গেছে; আহত হয়েছে তার ভাই। 

মঙ্গলবার মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ির নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রাণ হারানো শিশুর নাম জুনায়েদ (৩)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎিসা নিচ্ছে তার বড় ভাই জুবায়ের (৪)। 

তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরামপুর গ্রামের পোশাক শ্রমিক দম্পতি রফিক মিয়া ও মিলি বেগমের সন্তান।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম বলেন, সকালে ওই দম্পতি দুই সন্তানকে বাসায় তাদের নানির কাছে রেখে কর্মস্থলে যান। সকাল ১০টার দিকে বাবা রফিক বাসায় এলে জুবায়ের ও জুনায়েদ দৌড়ে বাবার কাছে যায়। 

“এ সময় তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে জিজ্ঞাসা করলে তারা বাবাকে বলে – আমরা চিনি খেয়েছি।”

দিদারুল বলেন, পরে সন্তানদের শরীরের অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে আশুলিয়ার নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট ছেলে জুনায়েদকে মৃত ঘোষণা করেন। 

আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে; বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানান দিদারুল।  

পুলিশের ওই কর্মকর্তা তাদের মায়ের বরাত দিয়ে বলেন, রান্নাঘরে একটি পাত্রে তেলাপোকা মারার কিছু ওষুধ ছিল। চিনির মতো দেখতে হওয়ায় জুবায়ের ও জুনায়েদ ওইগুলো খেয়ে ফেলে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, রফিক মিয়া ও মিলি বেগম দম্পতি গাজীপুর কাশিমপুরের সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।