চাঁদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
বাগানবাড়ি খাগুরিয়া এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাগানবাড়ি খাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন জানান।
নিহতরা হলেন দুই মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজী (২৫) ও মো. রাশেদ (২৪) এবং ট্রলি চালকের সহকারী সেলিম মিয়া (৩০)।
ওসি মহিউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেলতলী থেকে শান্ত মিয়াজী, মো. রাশেদ ও তানভীর (২০) মোটরসাইকেলে খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“মোটরসাইকেল আরোহী রাশেদ ঘটনাস্থলেই মারা যান। শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
‘গুরুতর’ আহত তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে’ তিনজনের মৃত্যু হয়েছে। আহত তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
