২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ডাকাত সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্থানীয়রা ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার আসাদ উদ্দিনের নৌকাটির উপর উঠিয়ে দেয়।

গাজীপুরে ‘ডাকাত সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তুরাগ নদী, ফাইল ছবি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 04:42 PM

Updated : 06 Aug 2023, 09:20 PM

গাজীপুর সিটি কর্পোরেশনের তুরাগ নদীতে মাছ ধরতে যাওয়া এক বৃদ্ধকে ‘ডাকাত সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার মধ্যরাতে মজলিশপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম।

নিহত আসাদ উদ্দিন মোল্লা (৬৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের পাষাণ মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জিয়াউল জানান, আসাদ উদ্দিন ছোট নৌকায় থাকতেন ও নদীতে মাছ ধরতেন। শনিবার মধ্যরাতে তিনি মাছ ধরতে ধরতে মহানগরীর কড্ডা এলাকা থেকে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন।

তিনি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাকে নৌকাটি থামাতে বলে। কিন্তু তুরাগ নদীতে কিছুটা স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়। এ সময়ে স্থানীয়রা ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করতে থাকে।

তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) আসাদ উদ্দিনের নৌকাটির উপর উঠিয়ে দেয়। এতে তার নৌকাটি ডুবে যায়। পরে লোকজন আসাদ উদ্দীনকে নদী থেকে উঠিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি জিয়াউল আরও বলেন, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।