চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে হত্যার এক যুগ পর ৩ জনের ফাঁসি
২০১১ সালের ১০ অগাস্ট চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেন আসামিরা।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ইজিবাইক চালককে হত্যার এক যুগ পর তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গিয়াস উদ্দিন জানান।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- যশোরের চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান (৪৪), ঠাকুরগাঁওয়ের মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় (৩৭) ও গোপালগঞ্জের গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা (৪০)। এর মধ্যে ফজলুর পলাতক রয়েছেন।
দুই বছর দণ্ড পাওয়া পলাতক জয়নাল হাওলাদার (৪২) পিরোজপুরে সেউতিবাড়ীয়া গ্রামের প্রয়াত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।
নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা ছিলেন।
মামলার বরাতে এপিপি গিয়াস উদ্দিন বলেন, ২০১১ সালের ১০ অগাস্ট জহুরুলকে গলা কেটে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে উপজেলার পরানপুর মাঠের একটি বেগুন ক্ষেত থেকে জহুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এএসআই নাসির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন বলে জানান তিনি।
এপিপি আরও বলেন, তদন্ত শেষে এসআই আরিফুর রহমান একই বছরের ৩০ নভেম্বর ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি মামলার আরেকটি ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া একজনকে দুই বছরের কারাদণ্ড এবং অন্য দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান এপিপি গিয়াস উদ্দিন।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী ফজলে রাব্বি সাগর।
