চালককে ছুরি মেরে বাইক ছিনতাইয়ের চেষ্টা, যুবকের ১০ বছরের সাজা
গাজীপুর থেকে ভাড়া করা মোটরসাইকেলে টাঙ্গাইল যাওয়ার পথে চালককে ছুরিকাঘাত করা হয় বলে জানান পিপি।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রাইড শেয়ারিংয়ের এক চালককে ইলেকট্রিক শক ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টার মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন।
দণ্ড পাওয়া মাসুম মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের মোস্তাাফিজুর রহমানের ছেলে।
মামলার বরাতে পিপি রিপন বলেন, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রাতে মাসুম মিয়া গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল যাওয়ার কথা বলে ১৫০০ টাকা ভাড়ায় একটি মোটরসাইকেলে ওঠেন।
পথে মাসুদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার হাবলা এলাকায় পৌঁছালে চালক নয়নের ঘাড়ে ইলেকট্রিক শক এবং ধারাল ছুরি দিয়ে জখম করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। চালক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার পরদিন ১৮ ডিসেম্বর মোটরসাইকেল চালকের ভাই বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন বলে জানান পিপি।
তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ মার্চ বাসাইল থানার এসআই মো. মঞ্জুরুল হাসান খান আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান রিপন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা; যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
