সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলায় বাসচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনার পর বাসসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তারা উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান।
ওসি মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে বাসটি জব্দ ও চালককে আটক করা হয়। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
