রাতে খেয়ে দুই বোনের বমি, পাঁচ ঘণ্টার মধ্যে মৃত্যু
নাটোরে রাতে দুই শিশু খাবার খেয়ে বমি করতে শুরু করেন বলে জানান স্বজনরা।
নাটোরের সিংড়া উপজেলায় কিছু সময়ের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার রাতে বগুড়ার নন্দীগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বড় বোন; আর বৃহস্পতিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ছোট বোন।
নিহতরা হল- সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় এলাকার মালেশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের বড় মেয়ে ফীমা খাতুন (১৫) ও ছোট মেয়ে ফারিয়া খাতুন (১০)।
পরিবারের বরাত দিয়ে রামানন্দ খাজুরা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বাড়িতে মা তিন মেয়েকে নিয়ে থাকেন। রাতে দুই মেয়ে খাবার খেয়ে বমি করতে শুরু করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের নন্দীগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টায় ফীমা খাতুন মারা যান। ছোট মেয়েকে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ফারিয়াও মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
সিংড়া থানার ওসি মিজানুর বলেন, “ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
