২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই বাইকের সংঘর্ষে গেল কিশোর ও যুবকের প্রাণ

এ ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 04:58 PM

Updated : 01 Jan 2024, 04:58 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোর ও যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন দুই তরুণ।

সোমবার দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস জানান।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬) ও সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫)।

আহতরা হলেন- উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)।

খালিদ বিন আসাদ হৃদয় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, লিয়াকত বাইকে করে গুড়দাহ বাজার থেকে জীবনগর যাচ্ছিলেন। পথে তার বাইকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আহত দুজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই আশিষ দাস বলেন, “মরদেহ দুটি পুলিশ হেফাজতে আছে।”