গাজীপুরে বেকারিতে পচা ডিম সরবরাহ, দেড় লাখ টাকা জরিমানা
অভিযানে ৮ হাজার পিস পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বেকারিতে অভিযান চালিয়ে আট হাজারটি পচা ডিম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বেকারি মালিক ও ডিম সরবরাহকারীকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজারের নিউ হৃদয় ফুড প্রোডাক্টস্ কারখানায় এ অভিযান চালানো হয় বলে জানান শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বিভিন্ন ধরনের বেকারি পণ্য কেক, পাউরুটি ও বিস্কুট তৈরি করে আসছিল।
সোমবার রাতে সেখানে একটি পিকআপে করে আট হাজার পচা ডিম সরবরাহের খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয় বলে জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) আল মামুন সাংবাদিকদের জানান, কারখানাটিতে সরবরাহ করা কিছু ডিম পরীক্ষা করে নষ্ট পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে কারখানা মালিককে এক লাখ টাকা এবং ডিম সরবারাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে।
কারখানা মালিক হানিফ রহমান বলেন, “পচা ডিমগুলো একটি হ্যাচারির। টাঙ্গাইলের এক ব্যবসায়ী ডিমগুলো সরবরাহ করেন। সরবরাহের আগে আমাকে বলা হয়েছে, ডিমের কুসুমগুলো ভাঙ্গা হলেও ভাল।”
পরে তার কাছে এক হাজার হ্যাচারির ডিম চাওয়া হলে তিনি আট হাজার পাঠিয়ে দেন; যার কুসুম গলানো ছিল বলে দাবি এ ব্যবসায়ীর।
