শরীয়তপুরে কবরস্থানের জমির বিরোধে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়িতে আগুন
মানাখান গ্রামে কবরস্থানের জমি নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
নিহত আনোয়ার হোসেন ভূঁইয়া (৪২) একই এলাকার বাসিন্দা। তিনি এ ঘটনায় আহত রুবেল ঢালীর স্ত্রীর বড় ভাই।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, মানাখান গ্রামে কবরস্থানের জমি নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার জুম্মার নামাজের পর তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।
এরই জেরে বুধবার বিকেলে জয়দুল ঢালীর বাড়ির সামনে দিয়ে রুবেল ঢালী বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন রড ও কাঠ দিয়ে তার ওপর হামলা চালায়। তখন তাকে বাঁচাতে এগিয়ে এলে আনোয়ার হোসেন ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ জয়দুল ঢালীর লোকজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ারের অবস্থার অবনতি হয়। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতুর ওপর তিনি মারা যান।
হামলা ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা জয়দুল ঢালীদের ঘরে অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানিয়েছে।
নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কবরের জমি সংক্রান্ত বিরোধের জেরে রড ও কাঠ দিয়ে পিটিয়ে দুজনকে গুরুতর আহত করা হয়। তাদের মধ্যে একজন ঢাকায় নেওয়ার পথে মারা যান।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা হামলাকারীদের ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।
