১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

মহাদেবপুরের রণাইল নিচপাড়া গ্রামে এ হামলায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 07:08 PM

Updated : 14 Oct 2026, 07:08 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন এবং পুলিশ একজনকে আটক করেছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান।

নিহত আনিছুর রহমান (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় পুলিশ একই গ্রামের বাসিন্দা ওসমান গনিকে আটক করেছে।

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাতব্বরদের শালিসে ৭ বিঘা জমি বুঝে পেয়ে সেখানে ধান রোপণ করেন আনিছুর।

বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার পথে নজরুলের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত দল তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আনিছুর মারা যান।

সংঘর্ষে উভয়পক্ষের আহত নয়জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।