১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মধুমতির ভাঙন: ‘জমি হারালে বেঁচে থাকার অবলম্বন থাকবে না’

“বরাদ্দ পাওয়া গেলে ভাঙনকবলিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:35 PM

Updated : 11 Nov 2026, 06:35 PM

“মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে।” কথাগুলো বলতে বলতে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে কৃষক আমিনুর রহমানের।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের এই কৃষকের একখণ্ড জমিই একমাত্র সম্বল। মধুমতি নদীর ভাঙনে সেই জমিটুকুও হারানোর আশঙ্কার স্পষ্ট ছাপ দেখা গেল তার চোখেমুখে।

বুকভরা হাহাকার নিয়ে মধুমতি নদীর দিকে তাকিয়ে তিনি বলেন, “জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল।

“সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”

একই গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী জামাল হোসেন নিজের তিন বিঘা জমিতে আর অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। এই সাত বিঘা জমির ওপর নির্ভর করেই ঘুরত তার সংসারের চাকা।

কিন্তু মধুমতির ভাঙনে তার চার বিঘা জমি হারিয়ে গেছে। বাকি জমিটুকুও নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি।

জামাল আর আমিনুরই নয়, পাংখারচর গ্রামের মধুমতি নদীর ভাঙনে অসংখ্য কৃষক জমি হারিয়েছেন। এখনও জমি হারানোর শঙ্কায় রয়েছেন বহু কৃষক।

সরেজমিনে দেখা গেছে, পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় অনেক কৃষক। ভাঙনের হুমকিতে রয়েছে আরও শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি।

এসব জমিতে কোথাও বোরো ও আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করা হয়েছে। কিন্তু নদীভাঙন অব্যাহত থাকায় ফসল ও বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

মো. মনিরুজ্জামান নামের আরেক কৃষক বলেন, “চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে যাচ্ছে। কিছুই করতে পারছি না। এই জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি।”

তিনি বলেন, “জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব? নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জমিগুলো রক্ষা করা হোক।”

এ বিষয়ে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। এ বছর পর্যাপ্ত বরাদ্দও নেই। আগামীতে বরাদ্দ পাওয়া গেলে ভাঙনকবলিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”