টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
পৃথক তিনটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা এবং ৩৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক তিনটি অভিযানে দুই লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৩৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে বিজিবি। অভিযানে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তারও করা হয়।
বৃহস্পতিবার বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
আটক মো. আব্দুর শুক্কুর (১৯) টেকনাফ জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি/৪ এর বাসিন্দা।
মহিউদ্দীন আহমেদ বলেন, বুধবার রাতে টেকনাফ সাবরাং বিওপির আচারবানিয়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে।
“এ সময় মিয়ানমার সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুইজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে দুটি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে বিজিবি; দাঁড়াতে বললে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যান।
“তাদের ফেলে যাওয়া গামছা দিয়ে মোড়ানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।”
একইদিনে আরেকটি অভিযান চালানো হয় জালিয়ারদ্বীপে।
মহিউদ্দীন আহমেদ জানান, জালিয়ারদ্বীপে মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বালুর নিচে লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। দমদমিয়া বিওপির একটি টহলদল তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করে।
“পরে তার দেওয়া তথ্য মতে জালিয়ারদ্বীপের দক্ষিণ-পূর্ব পাশে বালুর নিচে প্লাস্টিকের পলিব্যাগ দিয়ে মোড়ানো একটি পোঁটলা উদ্ধার করা হয়। তা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।”
তৃতীয় অভিযানের বিবরণে মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ বিওপির জালিয়াপাড়ার বেড়িবাঁধ সংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালিয়ে পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৬০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
আটক ওই রোহিঙ্গা ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
