২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আলম সেক ‘হত্যার’ ১৪ বছর, একজন সাক্ষীও আদালতে আসেনি

আলম সেক মারা যান ২০০৯ সালে; আসামিদের হুমকিতে কোনো সাক্ষী আদালতে আসেনি বলে বাদীর অভিযাগ।

জামালপুরে আলম সেক ‘হত্যার’ ১৪ বছর, একজন সাক্ষীও আদালতে আসেনি

জামালপুর প্রেসক্লাবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলম সেকের স্ত্রী মোছা. বেদেনা বেওয়া।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 07:57 PM

Updated : 20 Dec 2022, 08:01 PM

জামালপুরের মেলান্দহের গোবিন্দপুর গাড়োয়ানপাড়ার রিকশাচালক আলম সেক হত্যা মামলায় চৌদ্দ বছরেও কোনো সাক্ষী আদালতে আসেনি।

এদিকে আসামিদের ‘হুমকিতে নিরাপত্তাহীনতায়’ রয়েছেন বলে আলমের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

মঙ্গলবার জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলম সেকের স্ত্রী মোছা. বেদেনা বেওয়া বক্তব্য দেন।

২০০৯ সালের ৭ জানুয়ারি ‘বিষযুক্ত খাবার খেয়ে’ আলম সেক মারা যান বলে মামলায় অভিযোগ করা হয়।

আদালতের নির্দেশে একই বছরের [২০০৯ সাল] ২৩ মে মেলান্দহ থানা মামলা নথিভুক্ত করে। বর্তমান এই মামলা জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মেলান্দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ফরিদুজ্জামান ফরিদ, গোবিন্দপুর গাড়োয়ানপাড়ার মো. ফজলু, কালাম, নুরল সেক ও মো. ছোহরাব।

লিখিত বক্তব্যে মামলার বাদী বেদেনা বেওয়া অভিযোগ করেন, তার স্বামী রিকশাচালক আলম সেকের সঙ্গে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ ছিল মেলান্দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ফরিদুজ্জামান ফরিদের। এ নিয়ে আদালতে মামলাও চলছিল। এই মামলা আপোষ মীমাংসার কথা বলে ২০০৯ সালের ৭ জানুয়ারি আলম সেককে আসামিরা শহরে নিয়ে যান। শহরে আদালত এলাকায় ঘোরাফেরা শেষে মেলান্দহ রেল স্টেশন এলাকায় নিয়ে তাকে বিষ মিশ্রিত পাউরুটি খাওয়ান। পাউরুটি খাবার পর বিষক্রিয়া দেখা দিলে আলম সেক একটি টেম্পু ভাড়া করে দ্রুত মেলান্দহ থানায় যান। থানার তৎকালীন এসআই ছোরহাব আলীর কাছে ঘটনা জানিয়ে মামলা নিতে বলেন। কিন্তু ছোরহাব অভিযোগ আমলে না নিয়ে আলমকে উল্টো ধমক দিয়ে বের করে দেন।

মামলার বরাতে বেদেনা বেওয়া বলেন, এরপর আলম সেক থানার ফটকের পাশেই একটি চায়ের দোকানের সামনে মাটিতে পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পাঠালে তিনি আরও বেশি অসুস্থ হন এবং পরিবারের সদস্যদের পুরো ঘটনা বর্ণনা দেন। সেখান থেকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তিনি মারা যান।

ঘটনার রাতেই মেলান্দহ থানার পুলিশ আলমের মৃতদেহ উদ্ধার করে এবং পরদিন ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় মেলান্দহ থানায় অনেক ঘুরেও মামলা দায়ের করতে না পেরে আদালতে মামলা করেন বলে বেদেনার অভিযোগ।

তিনি বলেন, আদালত মেলান্দহ থানার তৎকালীন ওসিকে মামলাটি গ্রহণ করার জন্য নির্দেশ দিলে ওই বছরের [২০০৯ সাল] ২৩ মে মেলান্দহ থানা মামলা নথিভুক্ত করে। এই মামলাটি এখন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

বেদেনা বেওয়ার অভিযোগ, মামলার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখানোয় এখনও কেউ সাক্ষ্য দিতে পারেননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেদেনা বেওয়া আরও অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর আসামি সাবেক ফরিদ, ফজলু, মো. নুরল ও আসামি ছোরহাবের চাচাত ভাই মনোহর বেদেনা বেওয়ার ভাড়া বাসায়  গিয়ে ১৫ দিনের মধ্যে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। মামলা তুলে না নিলে তার স্বামী ও শ্বশুরের মত একই পরিণতি হবে বলে জানিয়ে দেন।

লিখিত বক্তব্যে বেদেনা অভিযোগ করেন, প্রভাবশালী একই চক্র জমি নিয়ে ১৯৯৪ সালে তার শ্বশুর গোলাপ আলী ওরফে গোপাল সেককে হত্যার পর মরদেহ একটি গাছে ঝুলিয়ে রাখে। ওই হত্যায় মামলা হলেও শেষ পর্যন্ত তারা বিচার পাননি।

মামলা তুলে নেওয়ার হুমকির দুদিন পর [১৯ ডিসেম্বর] বেদেনা বেওয়া মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রভাবশালী আসামিপক্ষের অব্যাহত হুমকিতে বর্তমানে বেদেনা ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের সঙ্গে বক্তব্য রাখেন নিহত আলম সেকের ছেলে মো. দেলোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনের স্ত্রী সখিনা বেগম।

অন্যান্যের মধ্যে আলম সেকের ছেলে মো. হাবিব, মোহাম্মদ রবিউল ইসলাম, মাহমুদুল্লাহ, মেয়ে রুপা আক্তার, রুকসানা বেগম, মোছা. ফাতেমা আক্তার, ছেলে মনোয়ারের স্ত্রী মোছা. সুখী ও আরেক ছেলে হাবিবের স্ত্রী মোছা. হাবিবা বেগম উপস্থিত ছিলেন।

এদিকে, নিহত আলম সেকের স্ত্রী মোছা. বেদেনা বেওয়া সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তার কোনোটাই সঠিক নয় বলে দাবি আসামি মো. ফরিদুজ্জামান ফরিদের।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ২০০৯ সালে হত্যাকাণ্ডের এই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। ১৯ ডিসেম্বর মামলার বাদী বেদেনা বেওয়া থানায় জিডি করেছেন।

“আমরা ঘটনার তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”