Published : 16 Sep 2026, 06:45 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি আনোয়ারুল আজিম জানান।
মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান আলী (৩৭) এবং একই ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।
তাদের মধ্যে হাছান আলী উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা সমিতি’র নেতা বলে পুলিশ জানিয়েছে।
ডিবি দক্ষিণের ওসি আনোয়ারুল আজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গায় অভিযান চালিয়ে দুইজনকে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইয়াবাগুলো বিক্রির জন্য গাবসারা এলাকা থেকে এনে তারা ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন।
“গ্রেপ্তারের পর হাছান নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।”
পুলিশ জানায়, রাজনৈতিক পরিচয় ও সংগঠনের ছত্রছায়ায় গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।