‘বারান্দায় ঘুমন্ত’ ফল ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মধ্যরাতে তাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বসতঘরের বারান্দায় ঘুমন্ত এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার ধান্যঘরা গ্রামের বাসিন্দা নিহত বাবর আলী (৪৫) পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, তীব্র গরমে রাতে ঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন বাবর আলী। এ সময় অজ্ঞাত দুতিনজন এসে ধারালো অস্ত্র দিয়ে বাবরের গলায় কোপ মেরে পালিয়ে যায়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালটির চিকিৎসক এহসানুল হক তন্ময় জানান, গলার নিচে ধারালো অস্ত্রের আঘাতে তার রক্তনালি কেটে যায়।
কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত আছে। হত্যাকারীতের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান ওসি ফেরদৌস ওয়াহিদ।
