২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মা-মেয়ে খুন: গ্রেপ্তার আলতাফের জবানবন্দি 

এ ঘটনায় নূর নাহার বেগমের স্বামী ফজলে আজিম কচি সুধারাম মডেল থানায় মামলা করেছেন; ওই মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নোয়াখালীতে মা-মেয়ে খুন: গ্রেপ্তার আলতাফের জবানবন্দি 

ঘটনার পর এলাকাবাসী আলতাফ হোসেনকে ধরে পুলিশে দেয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 11:47 PM

Updated : 15 Jun 2023, 12:08 AM

নোয়াখালী শহরে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যায় গ্রেপ্তার আলতাফ হোসেন আদালতে জবানবন্দি দিয়েছেন। 

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি নেন। 

জেলা পুলিশ সুপার-এসপি মো. শহীদুল ইসলাম জানান, আলতাফকে সন্ধ্যায় জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন।

জবানবন্দি নেওয়ার পর রাত ১০টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে এসপি জানান। 

এর আগে সন্ধ্যায় সুধারাম মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, প্রবাসী আলতাফের সঙ্গে প্রেম ও আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। 

বুধবার সকালে জেলা শহরের বার্লিংটন মোড়ে ফজলে আজিম কচি মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬) ছুরিকাঘাতে খুন হন। প্রিয়ন্তী শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।  

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে স্থানীয়রা আলতাফকে ধরে পুলিশে দেয়; পরে থানা হেফাজতে পুলিশের জিজ্ঞাসাবাদে আলতাফ ঘটনা খুলে বলেন এবং আদালতে জবানবিন্দ দিতে রাজি হন।

পুরনো খবর:

নোয়াখালীতে মা-মেয়ে হত্যায় ‘প্রেম ও অর্থ’: পুলিশ
নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় নিহত নূর নাহার বেগমের স্বামী ও প্রিয়ন্তির বাবা ফজলে আজিম কচি সুধারাম মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নোয়াখালী জেলা শহরের বার্লিংটন মোড়ে ফজলে আজিম কচি মিয়ার বাড়ি। সেখানে দ্বিতীয় তলায় স্ত্রী নূর নাহার বেগম ও মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে নিয়ে থাকতেন। প্রিয়ন্তী জেলা শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।