২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। আসামির ভয়ে তিনি বাবার বাড়িতে যেতে পারছেন না।

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল্লাহ শেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 09:49 AM

Updated : 25 Oct 2026, 09:49 AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের এক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মহফুজুর রহমান।

গ্রেপ্তার আব্দুল্লাহ শেখ (২৬) আব্দুল্লাহ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।

এর আগে গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, স্বামী দ্বিতীয় বিয়ে করায় ওই গৃহবধূ সন্তানকে নিয়ে কাশিয়ানী উপজেলার বাবার বাড়িতে বসবাস করেন। ৪ অক্টোবর দুপুরে তিনি বাড়ির একটি ঘরে ছিলেন। এ সময় আব্দুল্লাহ সে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে নিপীড়ন করেন।

পরে গৃহবধূর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। আসামির ভয়ে তিনি বাবার বাড়িতে যেতে পারছেন না। পাশের উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

ওসি মুহাম্মদ মহফুজুর রহমান বলেন, আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।