২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতার পেট্রোল পাম্পে হামলা

কে বা কারা হামলা চালিয়েছে তা অনুমান করতে পারছেন না তবে পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলে আশা করেন জিয়াউল হক মোল্লা।

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতার পেট্রোল পাম্পে হামলা

শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে পেট্রোল পাম্পের তিনটি মেশিন ভাঙচুর করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 04:50 PM

Updated : 16 Dec 2023, 04:50 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে একটি পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

পেট্রোল পাম্পটির মালিক বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। 

শনিবার ভোরে ওই হামলায় পাম্পের অকটেন ও পেট্রোল দেওয়ার তিনটি মেশিন ভাঙচুর করা হয় বলে জানান শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। 

ওসি শহীদুল জানান, ভোরের দিকে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তারা পাম্পে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। 

স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “নিজের উপর হামলা, প্রতিষ্ঠানের উপর বার বার হামলা হচ্ছে। আরও হতে পারে আশঙ্কা করছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছি, প্রশাসন আমার নিরাপত্তা দিচ্ছে, ব্যাবসা প্রতিষ্ঠানেও নিরাপত্তা দিবে বলে জানিয়েছে। ” 

কে বা কারা হামলা চালিয়েছে তা এ মুহূর্তে অনুমান করতে পারছেন না তবে পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলে আশা করেন জিয়াউল হক মোল্লা। 

এর আগে ১১ ডিসেম্বর কাহালুর তিনদিঘী বাজারে ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র ওই প্রার্থী ও তার দুই কর্মী আহত হন। 

ওই হামলার জন্য ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে দায়ী করেছিলেন। পরদিন ১২ ডিসেম্বর কাহালু থানায় একটি মামলাও করা হয়। 

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷