মাছ ধরার ফাঁদ আনতে গিয়ে মিলল নারীর মরদেহ
বৃহম্পতিবার রাত সাড়ে ১২টার দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর আর ফেরেননি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষি জমির পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার সময় চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানিয়েছেন।
নিহত হাছিনা বেগম (৪৫) ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে এসে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
এলাকাবাসীর বরাতে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে এসে ওই নারীর মরদেহ দেখতে পান। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী জড়ো হয়। পরে সকাল ৮টার দিকে তিনি থানায় খবর দেন।
সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
