নোয়াখালীতে জাসদের হরতাল-বিরোধী মশাল মিছিল
“বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে।”
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে মশাল মিছিল করেছে জাসদ।
শনিবার সন্ধ্যায় মশাল মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার।
এর আগে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন শিরিন আখতার।
এ সময় তিনি বলেন, “বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি সরকার দিয়েছে। অনুমতি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে, তারা জ্বালাও-পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে।
সংসদ সদস্য আরও বলেন, “বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাসদ ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি- জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দশের শত্রু।”
সেনবাগ উপজেলা জাসদের সভাপতি মো. গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, কেন্দ্রীয় নেতা মো. শাহ আলম, প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক আজিজুল হক বকশি, জাসদ নেতা ফারুক আল ফয়সাল, এস এম রহিম উল্যাহ।
