ভোলায় সওজের রোলারে বাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের
স্বজনরা জানান, মাস দেড়েক আগে বিয়ে করা শিবলু বাইক দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
ভোলায় সড়কের পাশে রাখা সড়ক ও জনপথ অধিদপ্তর-সওজ’র রোলারে বাইকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান।
নিহত মো. শিবলু বেপারী (২৫) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত আব্দুর রবের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মাস দেড়েক আগে বিয়ে করা শিবলু বাইক দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
৯৯৯-এ কল পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় বাইকে থাকা মো. জাহিদ (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত ১০টার দিকে ভোলা থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন শিবলু। তার বাইকের পেছনে জাহিদ নামের এক যাত্রী ছিলেন।
সংস্করণ কাজে ব্যবহৃত সওজের রোলার রাস্তার ডান পাশে রাখা ছিল জানিয়ে কামরুল ইসলাম হাসান নামের এক পথচারী বলেন, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে একটি পিকআপ চলে আসায় শিবলু তার মোটরসাইকেলটি ডান পাশে চাপান। এতে রোলারের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লেগে শিবলু ঘটনাস্থলেই মারা যান।
রাস্তায় রোলার রাখার বিষয়ে সওজ’র নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, শিবলুর নববিবাহিতা স্ত্রী খাদিজা বেগমকে হাসপাতালে বিলাপ করতে দেখা গেছে। হাসপাতালের মেঝেতে গড়াগড়ি দিয়ে আহাজারি করতে থাকেন শিবলুর মা।
ভোলা সদর থানার এসআই শাহাবুল জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছেন। এ ঘটনায় নিহতের পরিবার সওজের বিরুদ্ধে কোনো অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
