২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে ‘জুতার বক্সে ৯ হাজার ইয়াবা’, যাত্রী আটক

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় যাচ্ছিলেন নুরুল।

কক্সবাজার বিমানবন্দরে ‘জুতার বক্সে ৯ হাজার ইয়াবা’, যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক যাত্রী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 03:09 PM

Updated : 10 Jul 2023, 03:09 PM

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্সে নয় হাজার ইয়াবা পাওয়ার কথা জানায় বিমান কর্তৃপক্ষ।

সোমবার সকালে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তাকে আটক করা হয় বলে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান।

আটক ৩৮ বছর বয়সি নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি পেশায় একজন ডিস ব্যবসায়ী।

গোলাম মর্তুজা বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় যাচ্ছিলেন নুরুল আয়ুব। বিমানে ওঠার আগে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করা হচ্ছিল।

“এ সময় নুরুলের সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের গোয়েন্দারা তল্লাশির সিদ্ধান্ত নেন।”

পরে তল্লাশি চালিয়ে জুতার বক্সে নয় হাজার ইয়াবা পাওয়া যায় বলে জানান গোলাম মর্তুজা।

আটক নুরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইয়াবাসহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক জানান।