রাজশাহী ৪: প্রতীক বরাদ্দের আগেই বিলবোর্ডে নৌকা ও প্রার্থীর ছবি
যদিও ছবি ও প্রতীক দিয়ে বিলবোর্ড সাঁটানোর বিষয়ে কিছু জানেন না বলে দাবি আওয়ামী লীগ মনোনীত ওই প্রার্থীর।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচার- প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
কিন্তু বরাদ্দের আগেই বিলবোর্ডে নিজের ছবি ও প্রতীক দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী।
আসনটিতে নৌকার মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।
এদিকে, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আগেই নৌকার প্রচার-প্রচারণায় স্থানীয়দের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করলেও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
যদিও তার ছবি ও প্রতীক দিয়ে বিলবোর্ড সাঁটানোর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন আবুল কালাম। বলেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।”
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা ইউএনও এএফএম আবু সুফিয়ান বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে। এরই মধ্যে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য চিঠি প্রদান করা হয়েছে।
যেসব প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
