মসজিদ নির্মাণে দ্বন্দ্বের জেরে কমিটির সভাপতি খুন
ওসি বলেন, “এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে; অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
লালমনিরহাটের পাটগ্রামে মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে কমিটির সভাপতি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান।
নিহত অলিয়ার রহমান (৭০) উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের একটি জামে মসজিদের সভাপতি ছিলেন।
এর আগে গত ২১ ডিসেম্বর গ্রামের পুরোনো মসজিদ ভেঙে নতুন করে নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মাথার আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অলিয়ার রহমান।
স্থানীয়রা জানান, জায়গা কম থাকায় মসজিদটির সামনে ঈদের ও জানাজার নামাজ পড়াতে সমস্যা হচ্ছিল। ফলে টিনের তৈরি মসজিদটি সরিয়ে নতুন মসজিদ ভবন নির্মাণের বিষয়ে গ্রামবাসী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী নির্মাণ কমিটি করে একাধিক সভা ডেকে টাকাও সংগ্রহ করা হয়।
গত ১৯ ডিসেম্বর রাতে এশার নামাজ শেষে মসজিদ ও নির্মাণ কমিটির সভা হয়। সভায় ২৩ ডিসেম্বর (শুক্রবার) মসজিদটির নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে ঢালাইয়ের খননসহ নির্মাণ শ্রমিকরা কিছু কাজ শুরু করেন।
আগের মসজিদের জমিদাতা, সাবেক সেনা সদস্য হামিদুল ইসলাম এবং তার ভাই ফরিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম শ্রমিকদের কাজে বাধা দেন।
মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমান এবং তার ছেলে আবু আলম ও শাহ আলমসহ অন্য মুসল্লিরা বাধার কারণ জানতে চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে হামিদুল লোহার তৈরি লাঙল দিয়ে অলিয়ার রহমানের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
এ সময় অলিয়ারের ছেলেরা এগিয়ে গেলে তাদেরও বেধড়ক পেটান হামিদুল এবং তার ভাইয়েরা।
গুরুতর অবস্থায় স্থানীয়রা অলিয়ার ও তার ছেলে আবু আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অলিয়ার মারা যান।
ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম বলেন, “মসজিদ সরিয়ে নিয়ে পুর্ননিমার্ণের আলোচনা ও সিদ্ধান্তে সবার সঙ্গে হামিদুল এবং তার ভাইদের সম্মতি ছিল। তারা তিন ভাই টাকাও (অনুদান) দিয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন তারা মসজিদটি সরানোয় বাধা দিয়ে সংঘর্ষে জড়ান তা বোধগম্য নয়।”
এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, “এ ঘটনায় অলিয়ার রহমানের ছেলে শাহ আলম বাদী হয়ে ওই দিনই থানায় মামলা করেন। হামিদুল ইসলামের স্ত্রী আন্জু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
