২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মফিজুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুড়বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ।

নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় নিহতদের দেখতে ভিড় করেছেন স্থানীয়রা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 06:56 PM

Updated : 11 Jun 2023, 06:56 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব।

নিহতরা হলেন- ওই উপজেলার জামনগর ইউনিয়নের পশ্চিমপাড়ার তসলিম আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৭)।

স্থানীয়দের বরাতে ওসি মিহির রঞ্জন দেব বলেন, রোববার সকালে মফিজুল ইসলাম তার স্ত্রী সাবিনাকে নিয়ে শ্বশুড়বাড়ি মাড়িয়া গ্রামে যান। সেখান থেকে দুপুরে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

তিনি আরও বলেন, স্বরুপপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই বাইককে ধাক্কা দেয়। এতে বাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

দুর্ঘটনা রোধে অরক্ষিত রেল ক্রসিংয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, রেলওয়েতে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।