২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছেলেকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ‍শিশুটি।

গোপালগঞ্জে ছেলেকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সাইফুল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 03:04 PM

Updated : 04 Jan 2023, 03:04 PM

গোপালগঞ্জে পাঁচ বছরের শিশুপুত্রকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। 

জুনায়েদ সিদ্দিকী নামের শিশুটিকে রোববার আছাড় দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, শিশুটির মা কামরুন্নাহার বেগম মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থানায় হত্যা মামলাটি করেছেন। আসামি সাইফুল ইসলামকে (৩১) ঢাকা থেকে গোপালগঞ্জে আনা হয়েছে। 

সাইফুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর সুকতাইল গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকার মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। 

স্থানীয়রা জানান, সাইফুল রিকশা চালানো বা দিনমজুরের কাজ করে থাকেন। তবে বেশিরভাগ সময় তিনি অলস সময় কাটাতেন। প্রায়ই স্ত্রী কামরুন্নাহার বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ ও স্ত্রীকে মারধর করতেন তিনি। 

বখাটে প্রকৃতির সাইফুল আয়-রোজগার তেমন করতেন না। তাই তার স্ত্রী শহরের বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। 

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে স্বামী সাইফুল ও ছেলে জুনায়েদসহ খাটে শুয়েছিলেন কামরুন্নাহার। তখন মোবাইল চাপতে চাপতে সাইফুল ছেলেকে ‘সাপ’ ও স্ত্রীকে ‘নাগিনী’ বলে সম্বোধন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্ত্রী ও ছেলেকে মারপিট করেন তিনি। 

এ সময় কামরুন্নাহার ছেলে জুনাইদকে বাড়ির মালিক মাসুদ মিয়াকে ডেকে আনতে বলেন। জুনাইদ গিয়ে দরজা খুলতে ব্যর্থ হয়। তখন কামরুন্নাহার দরজা খুলতে যান। এ সময় সাইফুল উত্তেজিত হয়ে জুনায়েদকে ধরে আছাড় মারেন। 

জুনায়েদকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার রক্ত বমি ও নাক মুখ দিয়ে রক্ত বের হয়। সন্ধ্যার দিকে সে জ্ঞান হারিয়ে ফেলে। 

উন্নত চিকিৎসার জন্য জুনায়েদকে ডাক্তাররা ঢাকা নিয়ে যেতে বললে ওই দিন রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় ‍চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

এ সময় কামরুন্নাহার বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহযোগিতায় সাইফুলকে আটক করে ক্যাম্পে রাখে। 

ছেলে হত্যার বিচার দাবি করে কামরুন্নাহার বলেন, “আমি এ ব্যাপারে মামলা দায়ের করেছি। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।” 

তবে সাইফুল পুলিশকে জানান, পরপর তিন রাত তিনি ঘুমাতে পারেননি। তাই সেসময় কী ঘটেছে তার মনে নেই। 

ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আসামি সাইফুল ইসলামকে ঢাকা থেকে গোপালগঞ্জে আনা হয়েছে। বুধবার তাকে গোপালগঞ্জের আদালতে তোলা হবে।