আচরণবিধি লঙ্ঘন: ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী সরওয়ার জাহান
অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ভবিষৎতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকার করেছেন তিনি।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা।
শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিনিধির মাধ্যমে ওই আসনের অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ আসাফ উদ দৌলার কার্যালয়ে লিখিত জবাব পাঠান বলে আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানিয়েছেন।
নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ভবিষৎতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকার করেছেন তিনি।
প্রকাশ্যে জনসভা করে সাধারণ ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার সন্ধ্যায় নির্বাচন অনুসন্ধান কমিটি কুষ্টিয়া-১ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সওয়ার জাহানকে শোকজ নোটিস পাঠায়।
আদালত পুলিশের পরিদর্শক মনিরুল বলেন, “শুক্রবার সকালে অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আসাফ উদ দৌলার কার্যালয়ে প্রতিনিধি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের আইনজীবী রফিকুল ইসলাম লালনের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন সরওয়ার জাহান বাদশা।
“লিখিত জবাবে তিনি দোষ স্বীকার করে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, অজ্ঞাতসারে বা অসাবধানতা অথবা বাক্য উচ্চারণের প্রকাশ ভঙ্গিতে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে।”
তবে আগামীতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে সরওয়ার অঙ্গীকার করেছেন বলেও জানান আদালত পুলিশের এ পরিদর্শক।
এ বিষয়ে জানতে সরওয়ার জাহানের মোবাইলে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি।
তবে তার প্রতিনিধি রফিকুল ইসলাম লালন বলেন, “অনুসন্ধান কমিটির পাঠানো কারণ দর্শানো নোটিসের লিখিত জবাব দিয়েছি। পরবর্তী সিন্ধান্ত তারা নেবেন।”
