কক্সবাজারের হোটেল সী-গালে আইনজীবীর লাশ
সিটি ব্যাংকের সারাদেশের ২০৪ জন কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে ওই হোটেলে ওঠেন তিনি।
কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন আবাসিক হোটেল সী-গাল থেকে এক আইনজীবী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টায় হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ জানান।
মৃত ৫০ বছর বয়সী গাজী এম শওকত হাসান কুমিল্লা জেলার সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে।
তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিটি ব্যাংকের গুলশান শাখার একজন আইন কর্মকর্তা।
হোটেল কর্তৃপক্ষের বরাতে আপেল মাহমুদ বলেন, ৩০ জানুয়ারি শওকত সিটি ব্যাংকের সারাদেশের ২০৪ জন কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। ওইদিন তারা হোটেল সী-গালে ওঠেন। শওকত ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করছিলেন।
“সকালে ওই কক্ষের মেঝেতে শওকতকে তার সহকর্মীরা অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেলের কর্মীদের সহায়তায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না জানিয়ে অতিরিক্ত এডিআইজি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সী-গালের কর্মীসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে আনেন।
“কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
তাৎক্ষণিকভাবে ওই পর্যটকের মৃত্যুর কারণ জানা জায়নি বলে জানান এ চিকিৎসক।
