পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসেমপুত্র রাসেলের ছয় মাসের জামিন
তারা দুই ভাই ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিনসহ ৮ জনকে ১৩ অক্টোবর কারাদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আরেকজন আইনজীবী আনিসুর রহমান রায়হান।
অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম সাজ্জাদ হায়দার।
আদেশের পরে রাসেলের আইনজীবী জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্ন আদালতের সাত বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে শওকত আজিজ রাসেল হাই কোর্টে আপিল করেন। মঙ্গলবার হাই কোর্ট তার আপিলের শুনানিকালে তাকে আপাতত ছয় মাসের জামিন দেয়।”
গেল ১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন শওকত আজিজ রাসেল। তবে বিচারক মো. আব্দুস সালাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল, রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ ৮ জনকে পৃথক দুই ধারায় সাতবছর করে ১৪ বছরের কারাদণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
দণ্ডিতদের মধ্যে রাসেল ও রুবেলের নামে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।
রায় ঘোষণার দিন দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বলেন, “অপরাধমূলক অসদাচরণের দায়ে ৮ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
“এছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।”
দুই ধারার সাজা একসঙ্গে চলবে জানিয়ে কৌঁসুলি শামীম বলেন, সেক্ষেত্রে তাদের সাত বছর করে কারাভোগ করতে হবে।
রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
মামলার বিবরণ অনুযায়ী, আসামি ইকবালউদ্দিন, ফয়েজ, ওয়াহিদুল, জাফর উল্লাহ, জহিরুল হক ও রেজাউল করিম বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ দেন। রাজউক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে ২০০১ সাল থেকে ২০০৪ সালের মধ্যে এসব অনিয়ম করেন।
তখন রাসেল ও রুবেলের বাবা এম এ হাসেম নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কমিশনের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম। ২০১৯ সালের ২৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
