১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিটিএমএর নতুন সভাপতি যমুনা গ্রুপের শামীম, হাসেমপুত্র রাসেলকে অব্যাহতি

গত ১১ অক্টোবর থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন শামীম ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:05 AM

Updated : 11 Nov 2026, 12:05 AM

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত করা হয়েছে যমুনা গ্রুপের এমডি শামীম ইসলামকে।

মঙ্গলবার এক ঘোষণায় নতুন নেতৃত্ব নির্বাচিত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আবার এ দিনই পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রাসেলকে ৬ মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।

বিটিএমএ বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি পদ থেকে শওকত আজিজ রাসেলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একই দিন অনুষ্ঠিত সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও তুলে ধরা হয় ঘোষণায়।

গত ১০ অক্টোবর থেকে ছুটিতে যান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। পরে ১১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সংগঠনটির সহ-সভাপতি শামীম ইসলাম।

এদিকে সংগঠনটির 'এ' ক্যাটাগরির সহসভাপতি পদ শূন্য হওয়ায় সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের এমডি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।

পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের এমডি জহিরুল ইসলামকে 'এ' ক্যাটাগরি থেকে বিটিএমএর পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্লট দুর্নীতির মামলায় গত ১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন শওকত আজিজ রাসেল। তবে বিচারক মো. আব্দুস সালাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল, রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ ৮ জনকে পৃথক দুই ধারায় সাতবছর করে ১৪ বছরের কারাদণ্ড দেয়। দণ্ডিতদের মধ্যে রাসেল ও রুবেলের নামে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

পুরনো খবর:

পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসেমপুত্র রাসেলের ছয় মাসের জামিন