২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে উঠতে পিছলে পড়ে দুপা হারালেন মিলন

ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশন ছাড়ার সময় মিলন দৌড়ে ওঠার চেষ্টা করেন; তখন পা পিছলে পড়ে যান।

ট্রেনে উঠতে পিছলে পড়ে দুপা হারালেন মিলন

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 12:08 AM

Updated : 29 Dec 2022, 12:08 AM

বগুড়ায় ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা কাটা পড়েছে এক যাত্রীর।  

বগুড়া রেল স্টেশনে বুধবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসে ওঠার সময় এ দুর্ঘটনাটি  ঘটে।

দুই পা হারানো মো. মিলনকে (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুর হাসান জানান। 

বগুড়া রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু জানান, সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশনে আসে। ট্রেনটি রংপুরে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এ সময় মিলন দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন।

“কিন্তু হঠাৎ পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং সেখানেই ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।” 

রেল কর্মকর্তা আরও বলেন, পরে রেল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুর হাসান বলেন, মিলন ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসা চলছে। কিন্তু অবস্থা খুব গুরুতর।