ঝিনাইদহে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে নারীর মৃত্যু
স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার চলতে শুরু করে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার নয়ন খন্দকার।
নিহত রাবেয়া খাতুন (৩৭) ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
নয়ন খন্দকার বলেন, রাবেয়া খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। সকাল ৮টার দিকে ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে বিরতির পর আবার চলতে শুরু করে। এ সময় রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়ে।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোরে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলি বলেন, যশোর রেলওয়ে থানার পুলিশ লাশটি নিয়ে গেছে।
