মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু
কয়েকজন ব্যক্তি বাড়ির রান্না ঘরে ওই নারীকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মাদারীপুর সদরে বাড়ির রান্নাঘর থেকে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহত বেগম বিবি (৫০) মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্না ঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ব্যক্তি বাড়ির রান্না ঘরে ওই নারীকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে তারা রান্না ঘরের পাশে থাকা মুগুর দিয়ে নারীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ছিনতাইকারীরা তার কান ও নাক ছিড়ে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়।
টের পেয়ে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই মহিলার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
