গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। তার প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এদেশের মানুষ ভুল করেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছে বাংলাদেশ। আগামীতে গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে।”
রোববার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি, মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “তাই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষ আলোকিত থাকতে চায়, অন্ধকারে থাকতে চায় না। শেখ হাসিনাকে চায়। আগামীতে নৌকা জয়যুক্ত হলে সুন্দর বাংলাদেশ হবে।”
জনসভায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, “আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। যারা ষড়যন্ত্র করবে তাদের সঠিক জবাব দেওয়া হবে। যদি লাঠি হাতে আসে, তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে।”
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুর সঞ্চালনায় জনসভায় সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যা খাঁন সোহেল বক্তব্য দেন।
এর আগে চাটখিল থানার নবনির্মিত কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ উপস্থিত ছিলেন।
