পাবনায় শকুনের কলোনি রক্ষায় সরকারি উদ্যোগ দাবি
সকালে শকুনগুলো খাবারের খোঁজে উড়ে যায় আবার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাগানে ফিরে আসে।
প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত শকুনের একটি কলোনির সন্ধান মিলেছে পাবনার বেড়া উপজেলায়। বিপন্ন প্রজাতির ১২টি শকুনের এ কলোনি প্রায় ৩০ বছর ধরে পরম যত্নে আগলে রেখেছেন উপজেলার চাকলা গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দারা।
তবে দিন দিন মৃতভোজী ও শিকারী এ পাখির খাদ্য সংকট বাড়তে থাকায় সেগুলো রক্ষায় সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাবনা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে চাকলা গ্রামের মোল্লাপাড়ায় শকুনের এই কলোনির খবরটি এতদিন জানা ছিল না বন বিভাগেরও।
পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী এই বাংলা শকুন এখন বিলুপ্তির পথে। দেশে তিনটি শকুনের কলোনি রয়েছে জানতাম, তবে পাবনার বেড়ায় নিভৃত পল্লিতেও যে একটি আছে, এটি বন বিভাগের অজানা ছিল।”
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মোল্লাপাড়ায় অধ্যাপক আব্দুল মালেকের বাগানের অনেক পুরনো উঁচু দেবদারু ও তেঁতুল গাছ এবং পার্শ্ববর্তী আজগর আলী মোল্লার বাড়ির নারিকেল গাছে বাসা বেঁধেছে শকুনগুলো।
এরা সকালে খাবারের খোঁজে উড়ে যায় আবার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাগানে ফিরে এসে রাতযাপন করে। প্রায় ৩০ বছর ধরে এখানে শকুন দলের বসতি রয়েছে।
বন বিভাগের তথ্যমতে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) শকুনকে লাল তালিকাভুক্ত বা মহাবিপন্ন পাখি হিসেবে ঘোষণা করেছে।
কয়েক বছর আগেও বাংলাদেশে সাত প্রজাতির শকুনের দেখা মিলত। এর মধ্যে চার প্রজাতির শকুন এ দেশের অনিয়মিত বা আগন্তুক। সে প্রজাতিগুলো হলো ইউরেশিয়-গৃধিনি, হিমালয়ী-গৃধিনি, ধলা শকুন ও কালা শকুন।
বাকি তিন প্রজাতির শকুন বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করত। সেগুলো হলো বাংলা শকুন, সরসঠুটি শকুন ও রাজ শকুন। তবে গত কয়েক দশকে বাংলা শকুন বাদে অন্য দুই প্রজাতির শকুন বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।
এখন সামান্য কয়েকটি বাংলা শকুন বেঁচে থাকলেও খুব বেশি চোখে পড়ে না। এরা সাধারণত ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
পাবনায় বসবাসকারী শকুনের শরীর কালচে বাদামি, পালকহীন মাথা ও ঘাড়। এদের পা ও ঠোঁট কালো, শক্তিশালী। শিকারি এই পাখি প্রশস্ত ডানা মেলে দ্রুত চলাচল করতে পারে। এদের গলার স্বর খুবই কর্কশ ও তীক্ষ্ণ।
পরিণত বয়সী শকুন দলবেঁধে আকাশে ওড়ে। তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন শকুন তাল গাছ, শিমুল, দেবদারু, তেঁতুল ও বট গাছের মগডালে বসে থাকে শিকারের আশায়।
শকুনের প্রজননের হার খুব ধীর। গাছের কোটরে, অন্ধকার গুহা কিংবা পর্বতের চূড়ায় এক থেকে তিনটি সাদা বা ফ্যাকাসে ডিম পাড়ে।
এরা সাধারণত ময়লার ভাগাড় থেকে খাবার খুঁজে খায়। অনেক উপর থেকে এরা মৃত পশুর দেহ দেখতে পায়, তারপর সেখানে নেমে আসে এবং সেই দেহ দ্রুত সাবাড় করে।
তাদের পাকস্থলীর জারন ক্ষমতা অসাধারণ, মৃত পশুর দেহ তো বটেই, তাদের হাড় পর্যন্ত হজম করে ফেলতে পারে শকুন।
তবে এখন গবাদি পশু পালন এবং চিকিৎসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হওয়ায় আগের মত সংখ্যায় গরু বা বড় প্রাণী অসুখে মারা যায় না। ফলে শকুনের খাদ্য সংকট হচ্ছে।
এছাড়া বনাঞ্চল উজাড় এবং বড় উঁচু গাছপালা কমে যাওয়ার ফলে নিরাপদ আবাসস্থলেরও ঘাটতি হচ্ছে শকুনের।
বন বিভাগের তথ্যমতে, বিশ্বব্যাংকের অর্থায়নে আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে দেশে শকুন রক্ষায় একটি প্রকল্প চালু হয়েছিল।
তাদের সর্বশেষ জরিপে বাংলাদেশে দুইশটির মতো শকুন রয়েছে জানা যায়। যার অর্ধেক সিলেট এলাকায় আর বাকিগুলো সুন্দরবনসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
চাকলা গ্রামের বাসিন্দারা জানান, তারা শকুনকে কোনো ধরনের বিরক্ত করতে দেন না। তাদের বাস করা গাছগুলিতে কাউকে উঠতেও দেন না স্থানীয়রা। তারা চান এখানে যেন শকুন নির্ভয়ে বসবাস করতে পারে।
তবে এখন শকুনগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কোনো করণীয় থাকলে তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন সেই দাবিও করেন স্থানীয়রা।
গ্রামের যেসব দেবদারু ও তেতুল গাছে শকুন আছে তাদের মালিক প্রফেসর আব্দুল মালেক বলেন, “মাঝে মধ্যে এ প্রজন্মের ছেলে-মেয়েরা শকুন দেখতে আসে। তাদেরকে ভালো করে বুঝিয়ে বলি এদের কোনো প্রকার বিরক্ত করা যাবে না। তারা গাছের একটু দূরে অবস্থান করে নিচ থেকে শকুন দেখে চলে যায়।
“অল্পবয়সী অনেকেই বলে, এমন পাখি তারা সচরাচর দেখেনি। তবে কেউ কেউ টেলিভিশনে ও ইউটিউবে দেখেছে বলেও জানান। বাস্তবে শকুন নতুন প্রজন্মের কাছে একেবারেই অচেনা একটি পাখি।
“আমি এদের কোনো রকম বিরক্ত হবে এমন কাজ কখনোই কাউকে করতে দেই না।”
তবে এদের রক্ষায় বন বিভাগ কিংবা রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা দরকার বলেও জানান তিনি।
পাশের নারকেল বাগানের মালিক আজগার মোল্লা বলেন “আমাদের পুরান ভিটায় প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে শকুনের একটি দল বাসা বানিয়ে বাস করছে।
“বছর চারেক আগে একবার নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে, সেই গাছে থাকা শকুনের বাসা থেকে একটি বাচ্চা পড়ে মারা যায়। তারপর থেকে আর কোনো দিনই গাছ পরিষ্কার করা হয়নি।”
এখনো ওই নারিকেল গাছে শকুনের বাসা আছে, সেখানে শকুন ডিম দিয়ে বাচ্চাও ফুটিয়েছে বলে জানান আজগার মোল্লা।
বন অধিদপ্তরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টার গাজীপুরে কর্মরত বন্যপ্রাণী বিশেষজ্ঞ আল্লামা শিবলী সাদিক বলেন, “পাবনার শকুনের কথা আমাদের জানা ছিল না, সম্প্রতি এটি জানলাম।
“দেশের সুন্দরবন আর হবিগঞ্জের রেমা কালেঙ্গায় বণ্যপ্রাণী অভয়ারণ্যে কিছু শকুনের দেখা মিললেও পাবনায় এরা লোকালয়ে বসবাস করছে। এরা মহাবিপন্ন প্রাণী, এদের সংরক্ষণের জন্য কী কী করা সম্ভব, আমরা তার ব্যবস্থা করব।”
২০১৬ সালের সর্বশেষ জরিপে ২০০ থেকে ২৬০টি শকুন থাকলেও বর্তমানে ধারণা করা হচ্ছে ১০০ থেকে দেড়শত শকুন বাংলাদেশে রয়েছে, বলেন তিনি।
তিনি বলেন, “ওই এলাকার স্থানীয়দের শকুনের উপকারিতা, গুরুত্ব সম্পর্কে সচেতনার পাশাপাশি শকুনগুলোকে বিরক্ত না করার জন্যও সবাইকে অনুরোধ করা দরকার। ”
প্রকৃতির উপকারে এই প্রাণীদের রক্ষায় বন বিভাগের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান এই বণ্যপ্রাণী বিশেষজ্ঞ।
