২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিএনপির মিছিলে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের হলে এ হামলা হয় বলে অভিযোগ দলটির।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 10:51 PM

Updated : 13 Dec 2022, 10:51 PM

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হাতবোমা নিক্ষেপ ও হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

এ অভিযোগে মঙ্গলবার বিকালে শহরের সকাল বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মিছিল বের হয়। সকাল বাজার থেকে মিছিলটি বকুলতলা চত্বরে পৌঁছলে ১০/১২টি ককটেল [হাতবোমা] নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মাইক ও অটোরিকশা ভাঙচুর করা হয়।

এতে ছাত্রদলের রানা, স্বেচ্ছাসেবক দলের সাগর, হাবির, রিপন, সোহাগ, যুবদলের সেলিম, সাব্বির ও লিটন আহত হন বলে তার অভিযোগ।

আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান শামীম আহমেদ। এর জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ছানোয়ার হোসেন ছানু।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন সাংবাদিকদের বলেন, পুলিশসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির অফিসের সামনে অবস্থান নেওয়ায় তারা শহরের বানিয়া বাজারসহ কয়েকটি পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন।

তবে দলীয় নির্দেশনা অনুযায়ী নিজেদের পার্টি অফিসে কর্মসূচি পালন করার কথা বলেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।