২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে সড়কে মিলল ইজিবাইক চালকের গলাকাটা লাশ

পুলিশের ধারণা, ছিনতাইকারীরা আরমানকে গলাকেটে হত্যার পর তার ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2024, 01:44 PM

Updated : 25 Mar 2024, 01:46 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে ব্যাটারি চালিত এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে উপজেলার ঝাকরি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান।  

নিহত আরমান আলী (২২) উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

স্বজনদের বরাতে ওসি এনামুল বলেন, রোববার পর সন্ধ্যার পর নিজের ইজিবাইক নিয়ে বের হন আরমান। রাতে তিনি বাড়িতে ফেরেনি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

“সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ছিনতাইকারীরা আরমানকে গলাকেটে হত্যার পর তার ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।