২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যুবক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে গাজীপুর পুলিশের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 05:53 PM

Updated : 18 Mar 2023, 05:53 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- প্রহ্লাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক খান (৫১), একই ইউনিয়ন যুবলীগের সদস্য আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার বাগমার (৪১), বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান (৩৮) এবং সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান (৩৬)।

পরিদর্শক আজিজুর বলেন, বৃহস্পতিবার এক যুবককে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পুলিশের।

পরে ওই দিন রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে গাজীপুর আদালতে তোলা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নির্যাতনের শিকার আরিফুল খান (২৮) দমদমা গ্রামের উসমান খানের ছেলে।

আরিফুলের ভাই আশরাফুল আলম খান সাংবাদিকদের বলেন, ঢাকার এক বাসিন্দা ৩-৪ বছর আগে দমদমা এলাকায় জমি কেনেন। জমিতে সীমানা প্রাচীরের কাজ চলছে।

পুরনো খবর:

চুরির অভিযোগে যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে পিটুনি

বৃহস্পতিবার তিনি জমি দেখার জন্য গেলে বাইরে প্রাইভেটকার রেখে ভিতরে যান। এ সময় কে বা কারা ওই গাড়ির গ্লাস ভেঙে টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফুল হককে বাড়ি থেকে ধরে স্থানীয় খান বাড়ির সামনে নিয়ে যুবককে গাছে বেঁধে পেটানো হয়।

পরে ইউপি ওয়ার্ড সদস্য জাকির হোসেন শেখ যুবক আরিফুল খানকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।